রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কলা বাগানেই বছরে ৩ লাখ টাকা আয়, স্বাবলম্বী যুবক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৭:৩৪ পিএম

কলা বাগানেই বছরে ৩ লাখ টাকা আয়, স্বাবলম্বী যুবক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় কলার বাগান গড়ে স্বাবলম্বী হয়েছেন যুবক শাকিল আনসারী জজ। তিনি প্রথমবারের মতো ১৫০ শতাংশ জমিতে বিশাল একটি কলার বাগান স্থাপন করে বর্তমানে বছরে আড়াই থেকে তিন লাখ টাকা আয় করছেন।

তাঁর এই উদ্যোগ কয়েকজন স্থানীয় যুবকের কর্মসংস্থানও সৃষ্টি করেছে।উদ্যোক্তা শাকিল আনসারী জজ জানান, তিনি দুই বছর আগে ১৩০০ চারা দিয়ে এই বাগান শুরু করেন।

চারা, সার, শ্রম ও অন্যান্য খরচ মিলে তাঁর প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ব্যয় হয়েছে। এর বিপরীতে, ছয় মাসের মধ্যে ফল আসা শুরু করে এবং বর্তমানে তিনি বছরে আড়াই থেকে তিন লাখ টাকা আয় করছেন।

শাকিল জানান, অন্যান্য ফলের তুলনায় কম খরচে বেশি লাভ এবং ভালো বাজার মূল্যের কারণেই তিনি কলা চাষে আগ্রহী হয়েছেন। শুধু ফল বিক্রি নয়, কলার চারা বিক্রি করেও তিনি অতিরিক্ত আয় করছেন।বহুমুখী ফলের সমাহার কলা ছাড়াও শাকিল আনসারী তার বাগানে কৃষি বৈচিত্র্য এনেছেন। তাঁর বাগানে জলপাই, আম, পেয়ারা, ডালিম, লিচু, লটকো, কাজু বাদাম ও মাল্টার মতো বিভিন্ন ফলের গাছ রয়েছে। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বাম্পার হয়েছে।

আব্দুর রহিম নামের এক শ্রমিক বলেন, "এই বাগানে আমার কর্মসংস্থান হয়েছে। যা বেতন পাই তা দিয়ে ভালোভাবে সংসার চালাই।"কৃষি বিভাগের পরামর্শ হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, "উপজেলায় মোট চার হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। আমরা নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি।" তিনি আরও বলেন, কলা ভিটামিন, খনিজ ও ফাইবারের ভালো উৎস। সুপারশপসহ স্থানীয় ও পাইকারি বাজারে এর চাহিদা সবসময় থাকে। সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে আন্তর্জাতিক বাজারেও এখানকার কলা জায়গা করে নিতে পারবে।