জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৫৭ পিএম
নিরাপদ ও আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে দিনাজপুরের খানসামা উপজেলায় `সুপার গ্রিন` জাতের লাউ চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন কৃষক আমিনুল ইসলাম। কৃষি বিভাগের পরামর্শে জৈব ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে কম খরচে অধিক লাভ হওয়ায় তাঁর এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বাশুলী গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাচা জুড়ে ঝুলছে বিষমুক্ত সবুজ লাউ। ক্ষেত থেকেই ফসল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকরা। সরাসরি জমি থেকে পাইকাররা লাউ সংগ্রহ করায় বাজারজাতকরণ নিয়েও নেই কোনো দুশ্চিন্তা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ‘দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’–এর আওতায় নিরাপদ ও জৈব পদ্ধতিতে সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় প্রথমে ২০ শতক জমিতে প্রদর্শনী প্লট দিয়ে শুরু করলেও বর্তমানে আমিনুল ইসলাম ১০০ শতক জমিতে এই সুপার গ্রিন জাতের লাউ চাষ করছেন। ক্ষতিকর পোকামাকড় দমনে তিনি ফেরোমন ট্র্যাপ ও হলুদ আঠালো ফাঁদের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন।
চাষি আমিনুল ইসলাম জানান, ১০০ শতক জমিতে বীজ, মাচা ও সার বাবদ তাঁর মোট খরচ হয়েছে প্রায় ৫০-৫৫ হাজার টাকা। ইতোমধ্যে তিনি দেড় লাখ টাকার লাউ বিক্রি করেছেন এবং আশা করছেন আরও ২ থেকে ৩ লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, “নিরাপদ ও জৈব পদ্ধতিতে সবজি চাষে আমরা কৃষকদের সব ধরনের কারিগরি সহায়তা দিচ্ছি। আমিনুল ইসলামের এই উচ্চ ফলনশীল ও রোগসহনশীল লাউ চাষের সফলতা অন্য কৃষকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন