মার্চ ৩, ২০২৬, ১১:২৩ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজ পাতার আড়ালে শোভা পাচ্ছে হলুদ রঙের ভুট্টা। অনুকূল আবহাওয়া আর স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় এই অঞ্চলের কৃষকরা দিন দিন ভুট্টা চাষের দিকে বেশি ঝুঁকছেন।
বিশেষ করে ধান চাষের তুলনায় লাভজনক হওয়ায় এবং বহুমুখী ব্যবহারের সুযোগ থাকায় ভুট্টা এখন বীরগঞ্জের প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর বীরগঞ্জে ১২ হাজার ১৬১ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে।
গত বছরের তুলনায় এবার ৩০১ হেক্টর বেশি জমিতে এই ফসলের চাষ হয়েছে। তবে মাঠ পর্যায়ের চিত্র অনুযায়ী, কৃষি বিভাগের পরিসংখ্যানের চেয়েও কয়েক গুণ বেশি জমিতে কৃষকরা ভুট্টার বীজ বপন করেছেন। বিশেষ করে উপজেলার শতগ্রাম, মোহনপুর এবং পাল্টাপুর ইউনিয়নে ভুট্টার আবাদ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
লাভজনক এই ফসলটি মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি উন্নত মানের গোখাদ্য এবং হাঁস-মুরগি ও মাছের ফিড হিসেবেও বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন।উপজেলা সহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম জানান, ভুট্টা মূলত বেলে দো-আঁশ মাটিতে ভালো হয়। প্রতি বিঘা জমিতে প্রায় ৪০ থেকে ৪২ মণ ভুট্টা উৎপাদিত হচ্ছে, যার বর্তমান বাজার দর প্রতি মণ ৯০০ টাকার উপরে। চারা রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মাথায় এতে কলা ধরে এবং পরবর্তী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তা পরিপক্ক হয়।
স্থানীয় কৃষকরা হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষে বেশি আগ্রহী। চাষিরা জানান, ধান চাষের চেয়ে ভুট্টায় খরচ কম কিন্তু চাহিদা ও মুনাফা বেশি হওয়ায় তারা এই চাষে বেশি গুরুত্ব দিচ্ছেন। এমনকি স্থানীয় ব্যবসায়ীরা সরাসরি জমি থেকেই কৃষকদের কাছ থেকে ভুট্টা ক্রয় করছেন।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম জানান, শুধু উৎপাদন বৃদ্ধিই নয় বরং মাটির উর্বরতা রক্ষা এবং পরিকল্পিত আবাদের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ প্রদানের পাশাপাশি ক্ষতিকারক পোকার উপস্থিতি মনিটরিং করা হচ্ছে। কৃষকদের সঠিক সময়ে সার প্রয়োগ ও জমি আগাছামুক্ত রাখার বিষয়ে উদ্বুদ্ধ করার ফলে এবার ফলন আশাতীত ভালো হয়েছে। ভুট্টার এই বাণিজ্যিক সাফল্য বীরগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন