রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জের লিচু বাগানে চাষিদের ব্যস্ত সময় পার

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১৬, ২০২৬, ০৯:৩৩ পিএম

বীরগঞ্জের লিচু বাগানে চাষিদের ব্যস্ত সময় পার

লিচু বাগানে ব্যস্ত চাষি -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লিচুর মৌসুম ঘিরে এখন বাগান মালিক ও চাষিরা ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন গ্রামে লিচু বাগানে পরিচর্যা, গাছের যত্ন ও ফল সংগ্রহের প্রস্তুতিতে দিন কাটছে তাদের। বিশেষ করে বীরগঞ্জ উপজেলার কাজল গ্রামে লিচু চাষিদের এমন ব্যস্ততার চিত্র সবচেয়ে বেশি চোখে পড়ছে।

উপজেলার কাজল গ্রামের লিচু চাষি আলহাজ্ব আইজুর রহমান দীর্ঘদিন ধরে লিচু চাষের সাথে জড়িত। চলতি মৌসুমে তিনি প্রায় ১০ বিঘা জমিতে লিচুর বাগান করেছেন। 

এই বিশাল বাগানে পরিচর্যা, সার, কীটনাশক ও শ্রমিক খরচসহ তার এ পর্যন্ত প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। আইজুর রহমানের বাড়ি মূলত বিরল থানায় হলেও তিনি বীরগঞ্জ উপজেলার কাজল গ্রামে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভিত্তিতে লিচু চাষ করে আসছেন।

তার বাগানে বর্তমানে বিভিন্ন উন্নত জাতের লিচু রয়েছে। এর মধ্যে বোম্বাই, বেদনা, চায়না থ্রি ও মাদ্রাজি জাতের লিচু উল্লেখযোগ্য। এসব জাতের লিচুর বাজারে ব্যাপক চাহিদা থাকায় এবার ভালো দাম পাওয়ার আশা করছেন এই চাষি। আইজুর রহমান জানান, লিচু বাগান ঠিকভাবে পরিচর্যা করতে পারলে প্রত্যাশিত ফলন পাওয়া সম্ভব। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। যদি শেষ পর্যন্ত আবহাওয়া এমন থাকে, তবে এ বছর বাম্পার ফলন হবে। এতে তার বিনিয়োগকৃত খরচ ওঠার পাশাপাশি ভালো মুনাফা হবে বলে তিনি প্রত্যাশা করছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধান বা অন্যান্য ফসলের পাশাপাশি লিচু চাষ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক কৃষক এখন বাণিজ্যিকভিত্তিতে লিচু বাগান করার দিকে ঝুঁকছেন। কৃষি সংশ্লিষ্টদের ধারণা, সঠিক সময়ে বাগান পরিচর্যা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে লিচু চাষ আরও সম্প্রসারিত হবে। এটি স্থানীয় কৃষকদের জন্য একটি লাভজনক আয়ের স্থায়ী উৎস হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।