রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে দুগ্ধ খামারিদের আধুনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

কৃষি ডেস্ক

মে ৫, ২০২৬, ০৫:২১ পিএম

দিনাজপুরে দুগ্ধ খামারিদের আধুনিক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে ‘আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলার বাংলাদেশ পরিকল্পনা সমিতির (এফপিএবি) মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়।

ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের দিনাজপুর শাখা আয়োজিত এই কর্মশালায় দুই জেলার শতাধিক খামারি ও নতুন উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও কৃত্রিম প্রজনন সম্পর্কে ধারণা দেওয়া হয়। 

এছাড়া দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন বিশেষজ্ঞরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম। 

তিনি খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান এবং উন্নত জাতের গবাদিপশু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে গুণগত মানসম্মত দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং এই শিল্প আরও টেকসই হবে।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রাসেল আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন। ব্র্যাক ডেইরির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে উৎপাদন খরচ কমিয়ে আয় বাড়াতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. ইলারা পারভীন ও সহকারী জেলা সমন্বয়ক দুলাল হোসেন। এরিয়া ম্যানেজার খায়রুজ্জামান বাবু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া খামারিরা এই উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খামার পরিচালনার আগ্রহ প্রকাশ করেন এবং ব্র্যাক ডেইরির সঙ্গে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি দেন। সংবাদ শেষ।