মে ২৩, ২০২৬, ০২:২৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামে শসা চাষে সফল হয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কৃষক আবুল কাশেম। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে নিজের জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের শসা রোপণ করে তিনি এবার আশাতীত বাম্পার ফলন পেয়েছেন। বর্তমানে উৎপাদিত এই ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহের প্রস্তুতি চলছে।
আবুল কাশেম এবার মোট ৬ বিঘা জমিতে ময়নামতি ও দিবা জাতের শসার আবাদ করেছেন।জমি প্রস্তুত করা, বীজ কেনা, সার ও কীটনাশক দেওয়া এবং মাচা তৈরি পর্যন্ত তাঁর মোট খরচ হয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
বর্তমানে প্রতিদিন ক্ষেত থেকে তরতাজা শসা সংগ্রহ করে স্থানীয় পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে। বাজারে বর্তমান প্রতি কেজি শসা ২৫ টাকা দরে বিক্রি হওয়ায় এবার সব খরচ বাদ দিয়ে প্রায় ২০ লাখ টাকা নিট লাভের আশা করছেন এই সফল চাষি। ভালো ফলন ও ন্যায্য বাজারদর বজায় থাকলে আগামী বছর চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
এই প্রত্যন্ত সবজি ক্ষেতটিকে ঘিরে এলাকায় নতুন কিছু মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে।প্রতিদিন প্রায় ১০ জন স্থানীয় নারী ও পুরুষ শ্রমিক দৈনিক মজুরির ভিত্তিতে ক্ষেতের পরিচর্যা ও ফসল সংগ্রহের কাজে নিয়োজিত থাকছেন। সঠিক সময়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও আবহাওয়া অনুকূলে থাকায় কোনো ধরনের রোগবালাইয়ের আক্রমণ ছাড়াই এই আর্থিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন