অক্টোবর ১৪, ২০২৫, ০৫:১৬ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদী তীরবর্তী সমেষপুর গ্রাম এখন সবজির চারার এক বিশাল রাজ্যে পরিণত হয়েছে। প্রায় চার যুগ ধরে এখানকার উর্বর বেলে-দোআঁশ মাটিতে উৎপাদিত হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজির কোটি কোটি চারা, যা ছড়িয়ে পড়ছে সারাদেশের কৃষকদের মাঠে। এক সময়ের ক্ষুদ্র উদ্যোগ এখন রূপ নিয়েছে প্রায় ২২ কোটি টাকার এক বিশাল কৃষি শিল্পে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে কুমিল্লা জেলার প্রায় ২০ হেক্টর জমিতে ৭ শতাধিক কৃষক সরাসরি চারা উৎপাদনে যুক্ত রয়েছেন, যার মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।সমেষপুরের ‘সাথী-বিথী নার্সারি’র মালিক মো. জাহাঙ্গীর আলম জানান, প্রায় ৪০ বছর ধরে তিনি এই পেশায় আছেন, যা শুরু করেছিলেন তার বাবা। তিনি বলেন, “আমাদের চারার গুণগত মান ভালো হওয়ায় দেশের সব জায়গা থেকে পাইকাররা এখানে আসেন।
শুধু এই এলাকা থেকেই বছরে প্রায় সাত কোটি টাকার চারা বিক্রি হয়।”পাইকাররা ভোর থেকেই ট্রাক নিয়ে চরের জমিতে হাজির হন। কৃষকরা জমি থেকে চারা তুলে, ধুয়ে, আঁটি বেঁধে সরাসরি ট্রাকে তুলে দেন। এসব চারা চলে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায়।গত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে উঠে এবার কৃষকরা পুরোদমে চারা উৎপাদনে নেমেছেন। মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় তারা বেশ লাভবান হচ্ছেন।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “চারা উৎপাদনে কুমিল্লা দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি জেলা। আমরা কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, বীজ নির্বাচন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে সার্বিক কারিগরি সহায়তা প্রদান করে থাকি।” তিনি আশা প্রকাশ করেন, এই খাতের সাফল্য ভবিষ্যতে দেশের সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন