অক্টোবর ৩১, ২০২৫, ০৭:৩৯ পিএম
মানিকগঞ্জে বর্ষার পানি নেমে যাওয়ায় কৃষকরা পুরোদমে রবি শস্য আবাদের কাজ শুরু করেছেন। বিস্তীর্ণ মাঠ জুড়ে মুড়ি কাটা পিঁয়াজ, রসুন, সরিষা, আলুসহ নানা ধরনের বীজ রোপণ করা হচ্ছে, যার ফলে জেলায় সারের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
তবে এই সুযোগে সারের কৃত্রিম সংকট তৈরি করে ডিলাররা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন বলে কৃষকরা অভিযোগ তুলেছেন। কৃষকদের ভাষ্যমতে, ডিলাররা সিন্ডিকেট করে সরকারি মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দাম নিচ্ছেন।
১৩৫০ টাকার সার বাজারে ১৮০০ থেকে ১৯০০ টাকায় কিনতে হচ্ছে, যা তাদের উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। অনেক কৃষক ডিলারদের কাছে গিয়ে সার না পেয়ে খালি হাতে ফিরে আসতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ অতিরিক্ত দাম দিয়েই গোপনে সার সংগ্রহ করছেন। কৃষকরা জানান, ডিলাররা সার নেই বলে তালবাহানা করলেও বেশি টাকা দিলেই সার মিলছে।
যদিও সার ডিলাররা অতিরিক্ত দামে বিক্রির কথা অস্বীকার করে উল্টো সার সংকটের কথা বলছেন। এ বিষয়ে কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় সারের কোনো সংকট নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিসির তথ্যমতে, চলতি মাসে জেলায় ৯৪৬০ টন সারের মজুদ রয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, যদি কোনো ডিলার কৃত্রিমভাবে সংকট তৈরি করে বা মজুদ রাখে, তবে তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন