আগস্ট ৮, ২০২৬, ১২:১০ এএম
অমলিন প্রেম
মিতা চক্রবর্তী
প্রেম মরে যায় না, ভস্মীভূত হয় না
যায় না বিস্মৃতিতে কখনো।
স্মৃতির অতলান্তে হৃদয়ের মাঠে প্রেম
চির সবুজ গালিচার মতো সজীব থাকে।
নবীনা নদীর মতো জীবনে
প্রেম ছুঁয়ে থাকে অনন্তকাল।
শতদিন-শতরাত প্রেম জেগে থাকে
অন্তরের গোলাঘরে চিরন্তন টানে।
যৌবনলোভা প্রভাতের মতো
লালাভ দিগন্ত ছুঁয়ে থাকে প্রেম।
হয়তোবা সময়ের স্রোতে
প্রেম হয় চৈত্রের শীর্ণ নদী।
কৈশোর-যৌবন-বার্ধক্য
আসে আর যায় জাগতিক নিয়মে।
চিতার আগুনে মিশে যায় শরীর
তবুও অমলিন প্রেম রয়ে যায় বইয়ের ভাঁজে
শুকনো গোলাপে, ভালোবাসায় নাম লিখা
রুমালে— যুগের পর যুগ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন