নভেম্বর ২, ২০২৫, ০৯:২৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখের সঙ্গে সমন্বয় করে অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। নির্বাচনের পরপরই, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসেই, বইমেলা অনুষ্ঠিত হবে।রোববার (০২ নভেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়-নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বইমেলা আয়োজনের জন্য কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয়। একই সঙ্গে, রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলোর পরামর্শও পর্যালোচনা করা হয়।সভায় উপস্থিত সবাই একমত হন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে বাস্তবসম্মত।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্দিষ্ট হওয়ার পরই অমর একুশে বইমেলার চূড়ান্ত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন