নভেম্বর ১০, ২০২৫, ১০:১৬ এএম
হেমন্তের কার্তিক মাস বিদায় নিতে না নিতেই হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আমেজ বেড়ে গেছে। তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় ভোর থেকেই শীতের আবহ তৈরি হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন রোববার (৯ নভেম্বর) সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সবুজ ঘাসে চিকচিক করছে শিশিরবিন্দু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতলতা নেমে আসায় স্থানীয়রা এখনই লেপ-কম্বল, সোয়েটার, ও চাদর হাতে নিতে শুরু করেছেন।
স্থানীয়রা জানান, রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে, তাতে বোঝা যায় যে শীত এসে গেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড় ও আশপাশের জেলায় গ্রামীণ হাটবাজারে শীতবস্ত্রের কেনাবেচাও শুরু হয়ে গেছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন