নভেম্বর ২০, ২০২৫, ০৭:৩১ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের ফ্ল্যাক্সি লোড ব্যবসায়ী, শারীরিক প্রতিবন্ধী মো. আখতারুল হাসান (৪৭) বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থাভাবে তিনি যেমন মায়ের চিকিৎসা করাতে পারছেন না, তেমনি নিজের গুরুতর অপারেশনও করাতে পারছেন না।
আখতারুল হাসান উপজেলার ছোটদাপ গ্রামের মৃত তোফাজ্জল হোসনের পুত্র।জানা যায়, ১৯৯৭ সালে ডিগ্রি পাস করার পর বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করেও ভাগ্যে জোটেনি।
সাত সদস্যের সংসারে বাবার মৃত্যুর পর হাল ধরেন তিনি। একে একে বড় ভাই মানসিক ও হৃদরোগে এবং ছোট ভাই জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ভাইদের বাঁচাতে বসতবাড়ি বিক্রি করেও তাদের বাঁচাতে পারেননি আখতারুল।
বর্তমানে তার একমাত্র আয়ের উৎস ফ্ল্যাক্সি লোড ব্যবসা। কিন্তু প্রায় এক বছর আগে তার মা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে দুই চোখ অন্ধ অবস্থায় শয্যাশায়ী। অর্থাভাবে মায়ের চিকিৎসা করাতে পারছেন না।সম্প্রতি আখতারুল হাসান নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের ভাষ্যমতে, তিনি অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত এবং তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক, যার সম্ভাব্য খরচ প্রায় আট লক্ষ টাকা।
এই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই তার পেটের পিত্তথলীতেও পাথর ধরা পড়েছে এবং এরও দ্রুত অপারেশনের প্রয়োজন।বর্তমানে অসহায় ও নিঃস্ব আখতারুল হাসান দিশেহারা। নিজের জীবন বাঁচাতে এবং মায়ের চিকিৎসা নিশ্চিত করতে নিরুপায় হয়ে তিনি বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, সাহায্য সংস্থা এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
যোগাযোগ ও আর্থিক সহযোগিতার জন্য:
মোবাইল (বিকাশ/নগদ): ০১৭১২-৪৮৩৬২৯


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন