রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই বিপ্লবে আহত সাংবাদিক রায়হানের সুচিকিৎসায় প্রয়োজন দেশবাসীর সহায়তা

শহিদুল ইসলাম

জুলাই ৫, ২০২৬, ০৬:২৮ পিএম

জুলাই বিপ্লবে আহত সাংবাদিক রায়হানের সুচিকিৎসায় প্রয়োজন দেশবাসীর সহায়তা

ছবি : দিনাজপুর টিভি

জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রাজপথে সত্য তুলে ধরতে গিয়ে নীলফামারীর সাংবাদিক রায়হান আলী পুলিশি হামলার শিকার হন। দেশের মানুষের মুক্তির জন্য কলম হাতে লড়াই করা এই তরুণ আজ হাসপাতালের বিছানায় নিজের জীবনের সঙ্গে লড়ছেন। দীর্ঘ চিকিৎসার পর সুস্থতার আশায় বর্তমানে তাকে থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রতিটি মুহূর্ত অসহ্য যন্ত্রণা আর চরম অনিশ্চয়তায় কাটছে তার।

গত ৪ আগস্ট ২০২৪ সালে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন রায়হান। সে সময় পুলিশের নির্মম হামলার মুখে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে নীলফামারী সদর হাসপাতাল এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। 

অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডক্টর হামিদের অধীনে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে থাইল্যান্ডে পাঠানো হয় তাকে।থাইল্যান্ডের হাসপাতাল থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত রায়হানের শরীরে ১৮টির বেশি জটিল অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু সুস্থ হওয়ার পথ এখনো অনেক দীর্ঘ। চিকিৎসকরা জানিয়েছেন, সামনে আরও কয়েক দফা অস্ত্রোপচার প্রয়োজন। দীর্ঘ সময় পার হলেও তার শরীর এখনো পুরোপুরি সাড়া দিচ্ছে না। প্রতিটি দিন কাটছে তীব্র শারীরিক যন্ত্রণা ও নির্ঘুম আশঙ্কায়।

সাংবাদিক রায়হান তার সাত সদস্যের পরিবারের বড় ছেলে। বাবা আলী হোসেন কৃষক, মা রাহেনা বেগম এবং স্ত্রী রুপালি। বর্তমানে রায়হানের একমাত্র চার বছর বয়সী শিশুপুত্র লাবিব ও বৃদ্ধ বাবা-মা চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছেন। বাবার পথ চেয়ে থাকা ছোট্ট লাবিবের চোখের জল আর সন্তানের সুস্থতার জন্য বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী পুরানা কাছারি পাড়া গ্রামের আকাশ-বাতাস।

চিকিৎসার খরচ চালাতে গিয়ে আজ নিঃস্ব এই পরিবারটি। মাথা গোঁজার শেষ সম্বলটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাদের। অশ্রুভেজা চোখে রায়হানের পরিবার জানায়, সাংবাদিকতা করতে গিয়ে, দেশ ও মানুষের কথা বলতে গিয়ে আজ রায়হান পঙ্গুত্বের দোরগোড়ায়। চিকিৎসা চালাতে গিয়ে সব সম্বল শেষ। তারা এখন দেশবাসীর দোয়া আর একটু সহযোগিতা ছাড়া আর কিছুই চাওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।

রায়হান আলী অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি এবং স্বদেশ বার্তা চব্বিশ-এর সঙ্গে যুক্ত ছিলেন। তার সহকর্মী ও সাংবাদিক সমাজ মনে করেন, জুলাই বিপ্লবের এই সম্মুখ যোদ্ধার পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, বরং একটি নৈতিক দায়বদ্ধতা। অদম্য এই সাংবাদিক যেন সুস্থ হয়ে দেশ ও মানুষের সেবায় ফিরতে পারেন, সে জন্য বিত্তবান, প্রবাসী সমাজ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।

সহায়তা পাঠাতে যোগাযোগের নম্বর: ০১৭৭০৮২৯১১১।