বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কম্পনের রেশ কাটতে না কাটতেই আবার কাঁপাল ভূমিকম্প

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১২:৩৭ পিএম

কম্পনের রেশ কাটতে না কাটতেই আবার কাঁপাল ভূমিকম্প

শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার রেশ কাটতে না কাটতেই আবার কম্পন অনুভূত হলো। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।শুক্রবার (২১ নভেম্বর) সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছিল,

সেটির তীব্রতা ও ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। বিএমডি জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী জেলার মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টারের প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল। সেই ভূমিকম্পে সারাদেশে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

টানা দুই দিনে কাছাকাছি সময়ে, বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও আজকের কম্পনের মাত্রা তুলনামূলকভাবে কম, তবে বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন ভূমিকম্পের ঘটনা বাংলাদেশের মতো উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চলের জন্য একটি বড় সতর্কবার্তা।