সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ছাত্র-যুব সমাবেশে তিন ভিপি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১২:৫৭ পিএম

আজ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ছাত্র-যুব সমাবেশে তিন ভিপি

ইসলামী ছাত্রশিবিরের তিন কেন্দ্রীয় ছাত্রনেতা আজ শনিবার (২২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। তারা হলেন, ঢাকসু ভিপি সাদিক কায়েম, রাকুস ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

তারা মূলত জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুর আড়াইটায় জামায়াতের 'ছাত্র-যুব সমাবেশে' মূল আকর্ষষ হিসেবে বক্তব্য রাখবেন। জামায়াত এই সমাবেশের মাধ্যমে ১ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় বলে জানিয়েছে।

'সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ' স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে এই 'ছাত্র-যুব উৎসব'-এর আয়োজন করা হয়েছে।

এ লক্ষ্যে জেলাব্যাপী ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালাচ্ছে জামায়াত। জামায়াত নেতাদের ভাষ্যমতে, এটি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে একটি নজিরবিহীন সমাবেশ হতে চলেছে।প্রধান আকর্ষণ ও প্রস্তুতিসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সদর আসনে দলটির প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকি আসাদ জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী এই বড় সমাবেশের মাধ্যমে তাদের শক্তি-সামর্থ্য ও জনসমর্থন জানান দেবে। তিনি বলেন, যাদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান হয়েছে, দেশের সেই তরুণ সমাজের আইকনরা এই সমাবেশে বক্তব্য রাখবেন। তার প্রত্যাশা, সমাবেশের মাঠ ছাপিয়ে সড়কসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হবে।

আয়োজন সফল করতে ৬০০ স্বেচ্ছাসেবক, ২টি মেডিকেল বুথ এবং বিভিন্ন এলাকা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণ করা হয়েছে।জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমির মো. মোখলেশুর রহমান বলেন, তরুণদের নেতৃত্বে অর্জিত ২০২৪-এর গণ-অভ্যুত্থান জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে। জুলাই-আগস্টের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই এই সমাবেশের আয়োজন।