আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ৮, ২০২৫, ১১:১০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
"চা ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউজের দিকে যাওয়ার পথে ভূতে ধরে, হাওয়া হয়ে যায়," চা শিল্পে দুর্নীতির প্রতি ইঙ্গিত করে এই প্রতীকী মন্তব্য করেছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
আজ সোমবার দুপুরে চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের চা শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চা বোর্ডের চেয়ারম্যান বলেন, "ধরুন ২৫ টন চা ফ্যাক্টরি থেকে বের হয়েছে, ওয়্যারহাউজে গেছে ১৫ টন। বাকি ১০ টন ভূতে ধরেছে। এটা যাতে না হয়।
কারখানা থেকে জিনিস বের হচ্ছে, এটা যদি সততার সাথে রেকর্ড রাখি, তাহলে ভূতে ধরার বিষয়টি আমরা ওভারকাম করতে পারবো। চোরাই পথে চা বিক্রি চা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা। আমরা এই বিষয়টিকে সিরিয়াসলি দেখছি।"তিনি আরও বলেন, এবার সারের সমস্যা হবে না। তবে চা খাতকে কৃষি পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।চেয়ারম্যান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো কারখানা তার অনুমোদনের অতিরিক্ত উৎপাদন করলে তাকে অনুমতি নিতে হবে, তা না হলে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া রেজিস্টার্ড চা চাষী ছাড়া অন্য কারও কাছে পাতা ক্রয় করা যাবে না। ওয়েজস্টেজ (Wasteage) কারখানায় এনে রি-প্রোডাকশন (Re-production) করা যাবে না, যারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসময় অন্যদের মধ্যে চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোয়াজ্জম হোসাইন, জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস ও চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খা ন সহ চা চাষী, কারখানা মালিক, ওয়্যারহাউজ মালিক, ব্রোকার্স ও চা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।