সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:১০ এএম

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিককে গ্রেপ্তার করেছে র‍্যাব।আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আবব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সদস্যরা এই হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তাদের আশঙ্কা, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে এই হামলার পেছনে।

সন্দেহভাজন: সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে চিহ্নিত করা গেলেও গতকাল রাত পর্যন্ত গুলি বর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেপ্তার করা যায়নি।সম্রাটের সম্পৃক্ততা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে। জুলাই বিপ্লবের পর সম্রাট ভারতে পালিয়েছেন।উদ্দেশ্য: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, এই চক্রটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির ওপর গুলি করেছে।

এই হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন ও রাজনৈতিক নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে। খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, এজন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে এবং সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে।এছাড়াও, এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে, এজন্য ডিবি ঢাকাসহ সারাদেশে রেকি তল্লাশি চালাবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসীদের তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি। পল্টন থানার এসআই রকিবুল হাসান জানিয়েছেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।