সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সুদানে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা সদস্য রানার বাড়িতে শোকের মাতম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৩ পিএম

সুদানে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা সদস্য রানার বাড়িতে শোকের মাতম

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে যাওয়ার মাত্র এক মাস ৭ দিন পর সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কর্পোরাল মাসুদ রানা এসএসসি (নাটোর) নিহত হয়েছেন। এই ঘটনায় সেনাবাহিনীর আরও ৫ সদস্য নিহত এবং ৮ সদস্য আহত হয়েছেন।

আজ রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে তাদের পরিচয় প্রকাশ পাওয়ার পর নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের বাসিন্দা নিহত মাসুদ রানার বাড়িতে শোকের মাতম চলছে।

তার পিতার নাম মৃত সাহার মালিথা।মাসুদ রানার বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা ঘরের বারান্দায় শুয়ে ছেলের জন্য কান্না করছেন।

স্ত্রী আসমাউল হুসনা আঁখি কান্না জড়িত কণ্ঠে জানান, সর্বশেষ গতকাল তার সঙ্গে মাসুদ রানার কথা হয়। মাসুদ রানা পরে আবার তাকে ফোন করার কথা বললেও, রাত ১০টার দিকে তিনি জানতে পারেন যে তার স্বামী শান্তিরক্ষী মিশনে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।আঁখি আরও জানান,আমরা মাসুদের হাত নেই এমন একটি রক্তাক্ত ছবি দেখেছি।”নিহত মাসুদ রানার চাচাতো ভাই ফিরোজ আল মামুন জানান, তাদের ৩ ভাইই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। সবার বড় মাসুদ রানা, ছোট দুই ভাই হলেন মনিরুল ইসলাম জনি ও রনি আহমেদ। মাসুদ রানার ৮ বছর বয়সের একটি কন্যা রয়েছে।

তিনি জানান, মাসুদ রানা ২০০৫ সালে সেনা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং সর্বশেষ তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর তিনি সুদানে শান্তিরক্ষী মিশনে যান।বিকেলে তার পরিবারের সঙ্গে নাটোর ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা দেখা করে তাদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেছেন।স্থানীয়দের দাবি, দ্রুততম সময়ের মধ্যে নিহত মাসুদ রানার লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।