ডিসেম্বর ১৫, ২০২৫, ০২:৪০ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীরা ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারতে পালাতে না পারে, সেজন্য ঘটনার দিন থেকেই সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
সেক্টর কমান্ডার জানান, গোয়েন্দা তথ্য আছে যে নালিতাবাড়ির বরোয়ারি এলাকার চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ স্নাল শুক্রবার রাতে দুই বাংলাদেশি যুবককে ভারতে পাচার করেছে।বিজিবি এখন ফিলিপ স্নালকে খুঁজছে, কারণ পাচার হওয়া ব্যক্তিরাই হামলাকারী কি না, তা নিশ্চিত হওয়া দরকার।কর্নেল মোস্তাফিজুর বলেন,যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ স্নাল ভালো বলতে পারবেন। ফিলিপ স্নালকে আটক করা গেলে কীভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আদৌ পাচার হয়েছে কি না, তা জানা যাবে।
সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে বলে গুঞ্জন ওঠার পর হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুরের নালিতাবাড়ির সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। সম্ভাব্য পাচারের রুট এবং পাচারকারীদের ওপর নজরদারি বাড়ানো হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনকে আটক করা হয়েছে। তারা হলেন:
পাচারকারী ফিলিপ স্নালের স্ত্রী ডেলটা চিরান।
ফিলিপ স্নালের শ্বশুর ইয়ারসন রংডি।
মানব পাচারকারী লুইস লেংমিঞ্জা।
সিবিরন দিও।
রোববার রাতে আটক করা হয় বেঞ্জামিন চিরান নামে আরও একজনকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন