আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ১৬, ২০২৫, ০৪:৫১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা। এতে শিবিরের প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠ থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়।
অংশগ্রহণকারীরা প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শহরের চিনিকল মাঠে গিয়ে দৌড় শেষ করেন।
এই কর্মসূচিতে জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাসেদ ইসলাম, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মহিব, পৌর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ খুরশেদ মাহমুদ সহ জেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের প্রায় দেড় হাজার নেতাকর্মী অংশ নেন।
ম্যারাথন শেষে জামায়াতে ইসলামী, পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন বলেন, বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তারা এই ম্যারাথনের আয়োজন করেছেন।
এ সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেদ ইসলাম এবং পৌর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ খুরশেদ মাহমুদ তাদের বক্তব্যে দেশপ্রেম ও যুব সমাজের ইতিবাচক ভূমিকা নিয়ে কথা বলেন।