সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

হাদি হত্যা : অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:৩২ পিএম

হাদি হত্যা : অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোটরসাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের বিস্তারিত: পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন আদাবরের ‘রাজ্জাক হোটেল’ নামক একটি আবাসিক হোটেলে অবস্থান করছে।

সেখানে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার একটি বাসা থেকে অস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।কে এই হিমন? পুলিশি সূত্র মতে, হিমন আদাবর থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী। তিনি প্রায় দুই মাস আগে দুবাই থেকে বাংলাদেশে ফেরেন এবং হাদি হত্যাকাণ্ডের অন্যতম দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

হাদি হত্যার পরিকল্পনায় বা অস্ত্র সরবরাহে তার কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে ডিবি ও থানা পুলিশ।এডিসি জুয়েল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন জানানো হতে পারে। হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশব্যাপী আন্দোলনের মুখে এই গ্রেপ্তারকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।