বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:৩২ পিএম

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার সদর উপজেলায় এক বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজাপুর ইউনিয়নে মায়ের সামনেই সিফাত হাওলাদার (২১) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে এক আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীরা। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলাউদ্দিন হাওলাদারের বাড়ির দরজায় এই নৃশংস ঘটনা ঘটে।

পরিচয় ও দলীয় পদ: নিহত সিফাত হাওলাদার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তিনি ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

যেভাবে ঘটল হত্যাকাণ্ড: নিহতের মা ইয়ানুর বেগম জানান, সন্ধ্যায় ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিলেন সিফাত।

মা তাকে বিদায় দিতে দরজায় আসতেই হঠাৎ বাগান থেকে ওতপেতে থাকা ৮-১০ জন সন্ত্রাসী হামলা চালায়। রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব এবং মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে সন্ত্রাসীরা সিফাতের মুখ চেপে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে।মায়ের আর্তনাদ: বিলাপ করতে করতে সিফাতের মা বলেন, আমি হাসিবের পা ধরে অনেক অনুনয় করেছি, কিন্তু তারা ছাড়েনি। আমার চোখের সামনেই ওরা আমার একমাত্র ছেলেকে মেরে ফেলল। আওয়ামী লীগের আমলে ওরা আমার ছেলের পা ভেঙে দিয়েছিল, আর আজ তাকে মেরেই ফেলল।

এলাকাবাসীর ক্ষোভ: স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বার ও তার ছেলেরা এলাকায় মূর্তিমান আতঙ্ক। ৫ আগস্টের পর আওয়ামী সরকারের পতন হলেও তারা এলাকায় প্রকাশ্যে প্রভাব খাটিয়ে আসছিল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বলি হতে হলো তরুণ সিফাতকে।পুলিশি তৎপরতা: ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।