ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:৪৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে টঙ্গীর মিলগেট এলাকা থেকে ঢাকামুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জিএমপি’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।বিকল্প রুটের নির্দেশনা: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গাজীপুর থেকে ঢাকামুখী সব যানবাহনকে টঙ্গীর মন্নুগেট এলাকা থেকে কামারপাড়া হয়ে মিরপুর বেড়িবাঁধ রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়কে সাধারণ যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
কেন এই সিদ্ধান্ত? জিএমপি জানায়, প্রায় দেড় যুগ পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ বিমানবন্দর অভিমুখে যাত্রা করবেন। বুধবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। জনশৃঙ্খলা রক্ষা এবং গণপরিবহনের যাতায়াত নির্বিঘ্ন করতে টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়ক বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিএমপি’র অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ জানান, জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম ব্যবস্থা। যাত্রীদের ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের আগেই বিকল্প রাস্তা ব্যবহারের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন