সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে সর্বাত্মক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৪৩ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে সর্বাত্মক অবরোধ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রংপুরে ‘সর্বাত্মক’ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ডিসি মোড় এলাকায় (যা বর্তমানে শহীদ ওসমান হাদি চত্বর নামে পরিচিত) এই কর্মসূচি পালন করা হয়।

ইনকিলাব মঞ্চের রংপুর মহানগর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সাধারণ শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন।

এ সময় আন্দোলনকারীরা ‘হাদি মানে আজাদি’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে গেছে। মেঘালয় পুলিশ তাদের পালাতে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। আসামিদের দেশত্যাগের খবরে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা বলেন, পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবেই খুনিরা পালানোর সুযোগ পেয়েছে।

ইনকিলাব মঞ্চের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, ‘‘আমাদের দাবি স্পষ্ট, যারা হাদি ভাইকে হত্যা করেছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রংপুরের রাজপথ ছাড়ব না আমরা।’’ বিকেল ৪টায় অবরোধ শেষ হলেও পরবর্তী কর্মসূচির ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান নেতারা।