সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:১২ পিএম

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার নৃশংস ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে রিয়াদ একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। এমন সময় হঠাৎ একদল তরুণ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, অটোরিকশায় বসে থাকা রিয়াদকে ঘিরে ধরে বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। হামলা শেষে দ্রুত তারা এলাকা ত্যাগ করে।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন রাতে তাঁর মৃত্যু হয়।

 সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার জানান, বিকেল সাড়ে চারটার দিকে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে রিয়াদকে কুপিয়ে জখম করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।"

শহরের প্রাণকেন্দ্রে এমন রোমহর্ষক হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার বিচার দাবিতে ফুঁসে উঠেছে নিহতের সহপাঠী ও এলাকাবাসী।