জানুয়ারি ৩, ২০২৬, ০৯:৫৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তথ্যগত ত্রুটির কারণে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবদুল মোবিন এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) তানভীর হুদার মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া কারিগরি ও নথিগত অসংগতির কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মানসুর আহমেদ সাকী, ঋণ খেলাপির দায়ে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার, হলফনামায় ত্রুটির কারণে এবি পার্টির রাশিদা আক্তার এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিতে রিপাবলিকান পার্টির ফয়েজুন্নুর আখনের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারী তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন।
এই আসনে নির্বাচনী লড়াইয়ের জন্য বৈধ ঘোষণা করা হয়েছে ৫ জন প্রার্থীকে। তাঁরা হলেন— মো. জালাল উদ্দিন (বিএনপি), মো. এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি), বিল্লাল হোসেন (এলডিপি), গোলাম হোসেন (গণ অধিকার পরিষদ) এবং এনামুল হক (নাগরিক ঐক্য)।
মনোনয়ন বৈধ হওয়ার পর বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন তাঁর প্রতিক্রিয়ায় দল ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে, জামায়াতের প্রার্থী আব্দুল মোবিন এবং স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা জানিয়েছেন, তাঁরা নির্বাচন কমিশনে আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশা রাখছেন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ পাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন