বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

মুরাদনগরে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৮:১৩ পিএম

মুরাদনগরে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেওয়া বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মুরাদনগর।

বুধবার বিকেলে উপজেলা সদরে ‘মুরাদনগরের সর্বস্তরের জনগণের’ ব্যানারে আসিফ মাহমুদের বিরুদ্ধে এক বিশাল ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীরা মুরাদনগর উপজেলা বিএনপি কার্যালয় থেকে ঝাড়ু হাতে মিছিল বের করেন এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ কামাল উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট তৌহীদ আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি নাহিদুল নাঈমসহ অনেকে। বক্তারা দাবি করেন, কায়কোবাদকে হেয় করতেই আসিফ মাহমুদ ‘ঋণ খেলাপি’ ও ‘তুরস্কের নাগরিক’ হওয়ার মতো মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের ষড়যন্ত্র বন্ধ না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ঘটনার সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার, যখন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আগারগাঁওয়ে সাংবাদিকদের বলেন যে—কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপি এবং তিনি তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই কায়কোবাদের নির্বাচনী এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মুরাদনগরের নেতাকর্মীরা বিষয়টিকে প্রশাসনের মাধ্যমে গুরুত্বের সাথে তদন্তের দাবি জানিয়েছেন এবং অনলাইনে গুজব ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।