জানুয়ারি ৯, ২০২৬, ১১:৫৭ এএম
বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার কঠোর প্রতিজ্ঞা করা ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেই আলোচিত ‘বিএনপিভক্ত’ নিজাম উদ্দিন মন্ডল (৪৫) মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রাজনৈতিক বিশ্বাসের কারণে দীর্ঘ ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি ভাত মুখে তোলেননি।
নিজাম উদ্দিনের এমন অটল প্রতিজ্ঞা ও মৃত্যুতে এলাকায় এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত খাওয়া বন্ধ করে দেন। ওই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের খাবারের হাঁড়ি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফেলে দিয়েছিলেন।
এই ঘটনায় চরম অপমানিত ও ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিজ্ঞা করেন যে, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না। এরপর থেকে তিনি কলা, রুটি, চিঁড়া ও বিভিন্ন শুকনো খাবার খেয়ে জীবনধারণ করতেন। দীর্ঘ ১২ বছরের এই সময়ে পরিবারের শত চেষ্টার পরও তিনি তার প্রতিজ্ঞা থেকে এক চুলও নড়েননি।২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।
তার নির্দেশে নিজামের উন্নত চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করে বিএনপি। ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হয়ে গ্রামে ফিরেছিলেন। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরার আগেই আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহেশপুরের বাঁশবাড়ীয়া গ্রামের মৃত নূরানী বাক্স মণ্ডলের ছেলে নিজাম পেশায় একজন সাধারণ কাঠমিস্ত্রি ছিলেন।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম জানান, তার বাবা সবসময় বলতেন প্রতিজ্ঞা ভাঙলে তিনি নিজের কাছে ছোট হয়ে যাবেন। অতিসাধারণ মানুষ হয়েও নিজের বিশ্বাসের প্রতি এমন অনড় অবস্থান তাকে স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। আজ শুক্রবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নিহতের মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন