জানুয়ারি ১০, ২০২৬, ১০:৫৮ পিএম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদমরসুল এলাকায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানায় কর্মরত আট শ্রমিক দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, কারখানার বয়লার কক্ষে কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে কারখানার কয়েকটি কক্ষের কাচের প্রাচীর ভেঙে চুরমার হয়ে যায়। এতে কর্মরত আট শ্রমিক আগুনের শিখায় দগ্ধ হওয়ার পাশাপাশি ভাঙা কাচের আঘাতেও গুরুতর জখম হন।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় সিমেন্ট ফ্যাক্টরির আট দগ্ধ শ্রমিককে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নিরূপণে কাজ করছেন চিকিৎসকরা।
বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও ফায়ার সার্ভিস। কারখানার নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে কারখানা এলাকায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন