জানুয়ারি ১১, ২০২৬, ১১:৫৮ এএম
মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান ব্যাপক সংঘর্ষের জেরে সীমান্ত পেরিয়ে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম হুজাইফা সুলতানা আফনান।
এ ঘটনায় আদিল নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।রোববার (১১ জানুয়ারি) সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরের দিক থেকে মিয়ানমারের ওপারে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।
সীমান্ত সংলগ্ন টেকনাফের জনপদেও এর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোরে হঠাৎ সীমান্তের ওপার থেকে ছোড়া কয়েকটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। এর মধ্যে একটি গুলি হুজাইফা সুলতানা আফনানের শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আদিল নামে এক যুবকও গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সীমান্তে নিরাপত্তাহীনতা ও বিনা অপরাধে শিশুর প্রাণহানির ঘটনায় স্থানীয়রা চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা টেকনাফের প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করে। তারা সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো এবং মিয়ানমারের এই উসকানিমূলক কর্মকাণ্ডের স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।মিয়ানমারে অভ্যন্তরীণ অস্থিরতা বৃদ্ধির ফলে টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে মাঝেমধ্যেই গোলাগুলি ও মর্টারের শেল আসার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন