রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০৩:৪৯ পিএম

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান ও রাজনীতি জড়িত।

ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তার সাথে আমরা একমত। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা।

ভারতের সাথে সম্পর্ক ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থে ছোট ছোট বিষয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং ভারতের সঙ্গে পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমেই সকল সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগের এবং এটি সরকারের একটি বড় ব্যর্থতা।

তবে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। আগামীতে প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে এবং নির্বাচন চলাকালীন পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি বিশ্বাস করেন।