জানুয়ারি ১২, ২০২৬, ১১:১৮ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে চোরাই পথে ভারতীয় কাঁচা চা পাতা নিয়ে আসার সময় আবু হাসান (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটোয়ারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)’র নিয়ন্ত্রাধীন গিরাগাঁও বিওপি’র একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।
গিরাগাঁও নদীর পাড় মেইন পিলার ৪০৯ এলাকায় চোরাকারবারীদের আটকের চেষ্টা করলে ১২ কেজি ভারতীয় কাঁচা চা পাতাসহ আবু হাসানকে হাতেনাতে আটক করা হয়।
আটক যুবক উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের পুত্র।এ ঘটনায় বিজিবি’র নায়েক মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৪)। এজাহারভুক্ত পলাতক আসামিরা হলেন—একই এলাকার মোঃ আজিদ (২৭), মোঃ শামিম হোসেন (২২) ও মোঃ হাবুল মিয়া।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান জানান, বিজিবি কর্তৃক আটককৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন