সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:৩৬ পিএম

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি দাপ্তরিক চিঠি জনসম্মুখে প্রকাশ পাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি স্থানীয় প্রশাসনের দক্ষতা ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। 

রুমিন ফারহানা সরাসরি প্রশ্ন করেন যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি নিজের স্বাক্ষরিত দাপ্তরিক চিঠির গোপনীয়তা ২৪ ঘণ্টাও রক্ষা করতে না পারেন তবে তিনি নির্বাচনের মতো এত বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব কীভাবে পালন করবেন। 

এই ঘটনাকে কেন্দ্র করে তিনি সাধারণ ভোটারদের নিরাপত্তা এবং ভোটের স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় তিনি আরও অভিযোগ করেন যে গত ১৩ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের একাধিক সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

তার দাবি অনুযায়ী তার প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি সমর্থিত জোটের প্রার্থীরা প্রতিদিন প্রকাশ্যে মাইকিং করছেন এবং বড় বড় জনসভা করে আচরণবিধি ভঙ্গ করছেন। এসবের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার পরও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন। রুমিন ফারহানা বলেন যে রিটার্নিং কর্মকর্তা নিজের চিঠির গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হন তার হাতে পাঁচ লাখ ভোটারের আমানত কতটা নিরাপদ থাকবে তা নিয়ে জনগণের মনে সংশয় তৈরি হওয়া স্বাভাবিক। 

এছাড়াও তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কর্তৃক ম্যাজিস্ট্রেটের গাড়ির প্রতি অশোভন আচরণের একটি প্রসঙ্গও তুলে ধরেন। তিনি মনে করেন বড় রাজনৈতিক দলের প্রার্থীরা আইন ভাঙলেও সংশ্লিষ্ট প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা দেখাচ্ছে যা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে নষ্ট করছে।