রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২০ জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা প্রার্থীদের হাতে এসব প্রতীক বরাদ্দের পত্র তুলে দেন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক।
এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য দেলাওয়ার হোসেন ‘দাঁড়িপাল্লা’ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন।
ঠাকুরগাঁও-২ (হরিপুর-বালিয়াডাঙ্গী) আসনে ৭ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এর মধ্যে বিএনপির ডা. আব্দুস সালাম ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর আব্দুল হাকিম ‘দাঁড়িপাল্লা’, জাতীয় পার্টির নুরুন নাহার বেগম ‘লাঙ্গল’, এবি পার্টির নাহিদ রানা ‘ঈগল’, গণঅধিকার পরিষদের ফারুক হোসেন ‘ট্রাক’, ইসলামী আন্দোলনের রেজাউল করিম ‘হাতপাখা’ এবং সিপিবির সাহাব উদ্দীন আহাম্মেদ ‘কাস্তে’ প্রতীক পেয়েছেন।ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে সর্বোচ্চ ১০ জন প্রার্থী লড়ছেন।
এদের মধ্যে বিএনপির জাহিদুর রহমান ‘ধানের শীষ’, জামায়াতের মিজানুর রহমান ‘দাঁড়িপাল্লা’, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ ‘লাঙ্গল’ এবং গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আশা মনি পেয়েছেন ‘ফুটবল’ প্রতীক।রিটার্নিং কর্মকর্তা ইরশাত ফারজানা বলেন, “প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় আর কোনো বাধা রইল না। তবে আগামীকাল থেকে শুরু হওয়া এই প্রচারণায় সকল প্রার্থীকে কঠোরভাবে নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে।”