জানুয়ারি ২২, ২০২৬, ১১:২৩ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. দারাজ উদ্দীনকে (৭৭) দাফন করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার ৩ নম্বর তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া নতুনহাট দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবীর উপস্থিতিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এ সময় জাতীয় পতাকায় মোড়ানো বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনের কফিনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে তাকে তোড়িয়া মুন্সিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম দারাজ উদ্দীন তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আলহাজ্ব ফইম উদ্দীনের পুত্র। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার সেনাবাহিনী গেজেট নম্বর ১৩২২৪ এবং পরিচিতি নম্বর ০১৭৭০০০০০৫০।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন