রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি নেতাকে গুলি, নেওয়া হচ্ছে ঢামেকে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ১১:৫৪ পিএম

বিএনপি নেতাকে গুলি, নেওয়া হচ্ছে ঢামেকে

ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে ইউনিয়ন বিএনপির এক নেতা দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাসান মোল্লা দলীয় কার্যালয়ের পাশেই অবস্থান করছিলেন। এসময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। 

একটি গুলি হাসান মোল্লার পেটের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

তবে এই গুলিবর্ষণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কি না বা কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন সহিংসতায় কেরানীগঞ্জ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ভোটাররা।