বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১২:২০ পিএম

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক বাদশা (৪৮) নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় আলুবোঝাই একটি মিনি ট্রাকের নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। 

এ ঘটনায় তার সাথে থাকা মুফতি খাইরুল বাশার নামে এক সহকর্মী আহত হয়েছেন।নিহত আব্দুর রাজ্জাক বাদশা উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। 

তিনি কুমারখালী বাসস্ট্যান্ড এলাকার সুপরিচিত ‍‍`আল মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের‍‍` স্বত্বাধিকারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। আহত খাইরুল বাশার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে আব্দুর রাজ্জাক বাদশা তার সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খাঁনের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলতলা এলাকায় একটি আলুবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে তারা ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাকটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আনোয়ার খাঁন শোক প্রকাশ করে জানান, দুর্ঘটনার মাত্র কিছুক্ষণ আগেই বাদশার সাথে তার ফোনে কথা হয়েছিল। তিনি কিছু জরুরি বিষয়ে আলোচনার জন্য আসছিলেন, কিন্তু পথেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।মৃতের পরিবার ও রাজনৈতিক অঙ্গনে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বাদশার অকাল মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।