সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পীরগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার

মো. মোমিনুল ইসলাম

জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৫৯ পিএম

পীরগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ব্যাটালিয়নের অধীনস্থ বৈরচুনা বিওপি’র একটি টহল দল পীরগঞ্জ উপজেলার সিংহড় গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৩৬/৭-এস এর নিকটবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে ফকিরগঞ্জ বিওপি’র অপর একটি টহল দল বেলসুয়া গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত একটি পুরাতন বাইসাইকেল জব্দ করা হয়। বিজিবির হিসেব অনুযায়ী, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেলের মোট সিজার মূল্য প্রায় ৫০ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।