রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুলিবিদ্ধ সেই বিএনপি নেতার মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫০ পিএম

গুলিবিদ্ধ সেই বিএনপি নেতার মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৫০) আর নেই। প্রায় ৪৩ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন।গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে জগন্নাথপুর গ্রামে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান মোল্লা নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে ৩-৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তাঁর পেটের একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। 

তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান এই হত্যাকাণ্ডকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, যারা দেশে গণতান্ত্রিক পরিবেশ চায় না, তারাই পরিকল্পিতভাবে মাঠের সক্রিয় নেতাদের ওপর এমন সন্ত্রাসী হামলা চালাচ্ছে। হাসান মোল্লার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ ঘটনার পর থেকেই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।