রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে: মামুনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ১১:৩৯ পিএম

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি বা দলের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য গঠিত হয়নি বরং এটি দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন বাংলাদেশের মানুষ এখন ইতিহাসের এক ঐতিহাসিক বাঁক বদলের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পুরোনো দিনের দুর্নীতিগ্রস্ত ও ফ্যাসিবাদী রাজনীতির দিন শেষ হয়ে গেছে। 

আজ শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থন জানাতেই এই সভার আয়োজন করা হয়।

জনসভায় মামুনুল হক গত ৫৪ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন এ দেশের কৃষক শ্রমিক ও প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সম্পদ উপার্জন করলেও শাসকগোষ্ঠী সেই টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে। 

তিনি বলেন সাধারণ মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছিল তখন বড় বড় রাজনৈতিক দলগুলো আন্দোলন গড়তে ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। এখন সময় এসেছে সেই রক্তের মর্যাদা রক্ষা করে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ার। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন ১০ দলীয় জোটের প্রার্থীরা কেবল একটি দলের নয় বরং তারা নিপীড়িত আপামর জনগণের প্রতিনিধি।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সাথে নিয়ে মামুনুল হক মঞ্চে ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে ন্যায়ের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা তুলে দেন। তিনি ড. মাসুদকে বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় বাউফল-২ আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন নির্বাচিত হলে তিনি বাউফলের বগা সেতুসহ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করবেন। এছাড়া তিনি ৬০ দিনের মধ্যে মাদকমুক্ত এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতিমুক্ত বাউফল উপহার দেওয়ার বলিষ্ঠ ঘোষণা দেন।

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন। বিকেল হওয়ার আগেই পাবলিক মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা একযোগে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য বাউফলবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।