রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত সাধারণ মানুষ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪৬ এএম

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত সাধারণ মানুষ

রোববার সকালে রংপুর বিভাগ ও ঠাকুরগাঁওয়ের আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয় যা সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি করে। আন্তর্জাতিক অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রংপুরের ঠাকুরগাঁও এলাকা থেকে ৩৩ কিলোমিটার পূর্ব দিকে।প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পটি ছিল অনেকটা অগভীর প্রকৃতির তবে এর সুনির্দিষ্ট গভীরতা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। 

মৃদু মাত্রার কম্পন হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঠাকুরগাঁও ও রংপুর শহরের অনেক বাসিন্দা জানিয়েছেন সকালে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য তারা ঘরবাড়ি কেঁপে উঠতে অনুভব করেন। 

অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। তবে কম্পন থেমে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে।এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও তার আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওইদিন ভোর পৌনে ৫টার দিকে জিন্দাবাজার উপশহর এবং আম্বরখানাসহ বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের কম্পন অনুভূত হয়েছিল। 

নিয়মিত বিরতিতে দেশের বিভিন্ন স্থানে এমন মৃদু ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞদের পক্ষ থেকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চল ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ জোনে থাকায় ছোটখাটো কম্পনকেও গুরুত্ব দিয়ে দেখার কথা বলছেন তারা। আবহাওয়া অধিদপ্তর থেকে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।