এম এ মতিন
জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:৪৭ পিএম
রংপুরের পীরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনে চরম অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী এবং তাঁর কার্যালয়ের মোহরার আঙ্গুরার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলেছেন সেবা নিতে আসা ভুক্তভোগী ও দলিল লেখকরা।
অভিযোগ উঠেছে, দিনের বেলা দলিলে নানা ত্রুটি দেখিয়ে আপত্তি দেওয়া হলেও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে গভীর রাত পর্যন্ত অফিস খোলা রেখে সেই দলিলই সম্পাদন করা হয়। সরেজমিনে কোনো কোনো দিন রাত সাড়ে ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলতে দেখা গেছে।
অতিরিক্ত ফির তালিকা: দলিল লেখকদের দাবি, বণ্টননামা ও নাদাবি দলিলে শতক প্রতি ১০০-১৫০ টাকা এবং হেবা ঘোষণাপত্রে ২ হাজার ১০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত `অফিস খরচ` দিতে হয়। এছাড়া সাফ কবলা ও দানপত্র দলিলে ১ হাজার ৭৬০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সম্প্রতি মোহরার আঙ্গুরার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য: অভিযোগের বিষয়ে মোহরার আঙ্গুরা দম্ভোক্তি করে বলেন, “কিছু বেশি নেওয়া হয়, সেটা দিয়ে সবাইকে ম্যানেজ করতে হয়। আপনি যা পারেন লেখেন, আমার কিছু হবে না।” অন্যদিকে সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী কোনো মন্তব্য না করে অফিসে গিয়ে দেখা করার কথা বলেন।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, সাধারণ মানুষকে হয়রানি ও আর্থিক শোষণ থেকে বাঁচাতে এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।