জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:০৮ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক রিপামনি দেবী।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
সভার আলোচনায় নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, চাঁদাবাজি প্রতিরোধ, জ্বালানি তেলের দোকানের বৈধতা যাচাই এবং ফকিরগঞ্জ বাজারের যানজট নিরসনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য বিষয়ক আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর নিপা ভাইরাস সম্পর্কে বিশেষ সতর্কতা জারি করেন। তিনি বলেন, "নিপা ভাইরাস একটি মরণব্যাধি, যা বাদুড় থেকে ছড়ায়। প্রতিবেশী দেশসহ বাংলাদেশেও এর সংক্রমণ দেখা দেওয়ায় সবাইকে কাঁচা খেজুরের রস, কুল ও পেয়ারা খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
তিনি আরও জানান, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ জন চিকিৎসকের পদের বিপরীতে মাত্র ৫ জন কর্মরত আছেন। জনবল সংকটের কারণে ইউনিয়ন পর্যায়ের চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। তবে শিগগিরই নতুন চিকিৎসক পদায়ন হলে কেন্দ্রগুলো চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, আটোয়ারী থানার এসআই মোঃ আলাউদ্দীন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন। এছাড়াও বিজিবি কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, নায়েক সুবেদার মোঃ হেলাল উদ্দীন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন