আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ৩১, ২০২৬, ০২:২৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। শনিবার সকাল থেকে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ১০ম দিনের মতো গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ১১-দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী এবং এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন। একই সাথে নির্বাচিত হলে এলাকার অবকাঠামো ও জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি।
উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, "এবার যদি দেশের শাসনভার ভালো মানুষের হাতে না যায়, তবে বাংলাদেশ আবারো পিছিয়ে পড়বে। জুলুম ও অন্যায়ের বিপক্ষে থাকা মানুষদের নির্বাচিত করার মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।" তিনি দেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আসন্ন নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
এদিন বলরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণ করেন। এলাকার সাধারণ ভোটারদের মাঝেও তরুণ এই নেতাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।