ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪২ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৬টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা নাউতরী সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭৫/১০-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি শুরু করে।
এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে বগদুলঝুলা নাউতরী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ওই ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়। উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গবাদিপশুসহ যেকোনো পণ্য পাচার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন