শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে রমেশ সেনের স্ত্রীর কান্নায় সিক্ত জামায়াত নেতা দেলাওয়ার

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:৩১ এএম

ঠাকুরগাঁওয়ে রমেশ সেনের স্ত্রীর কান্নায় সিক্ত জামায়াত নেতা দেলাওয়ার

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের প্রয়াণে রাজনৈতিক বিভেদ ভুলে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রুহিয়ার সেনপাড়ায় প্রয়াত নেতার বাসভবনে গেলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সাবেক এই মন্ত্রীর মৃত্যু সংবাদ পেয়েই তাঁকে শেষবারের মতো দেখতে ছুটে যান কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। সেখানে তিনি মরহুমের সহধর্মিণী অঞ্জলি রানী সেনকে সান্ত্বনা দেন এবং কিছুক্ষণ নিরবতা পালন করেন।

এ সময় দেলাওয়ার হোসেনকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি রানী সেন। তিনি বলেন, “তুমি এসেছ বাবা। আমার আর কেউ নাই। নির্বাচনটা পর্যন্ত সে থাকলো না।” তিনি আরও জানান, পরিবার থেকে রমেশ সেনের মুক্তির জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসেনের সাহায্য চাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। 

এ সময় জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন নিজ হাতে অঞ্জলি রানী সেনকে পানি পান করিয়ে শান্ত করার চেষ্টা করেন।দেলাওয়ার হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, “রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে ঠাকুরগাঁও একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু বিপদের দিনে শোকাতুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

উল্লেখ্য, শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে প্রবীণ এই নেতাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।