ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:০৩ পিএম
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ সদর বাজারের কাঠ বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল পৌনে ৯টার দিকে সূত্রপাত হওয়া এই আগুনে একটি তুলার গোডাউন এবং দোতলায় থাকা একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আটকা পড়া শিক্ষার্থীদের স্থানীয়রা জানালার গ্রিল কেটে নাটকীয়ভাবে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিচতলার ব্যবসায়ী রতন সাহার তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দোতলায় ছড়িয়ে পড়ে, যেখানে কাঠের মেঝের কারণে তা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
এ সময় দোতলায় থাকা শিক্ষক পলাশ ও তার শিক্ষার্থীরা আটকা পড়েন। শিক্ষার্থীদের বাঁচার আকুতি ও চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী মোতালেব মিয়াজী, আপেল, মাহিন ও তানভীরসহ কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন। তারা দ্রুত জানালার গ্রিল কেটে শিক্ষার্থীদের বাইরে বের করে আনেন। এলাকাবাসীর এই তাৎক্ষণিক সাহসী পদক্ষেপ না থাকলে বড় ধরণের প্রাণহানির আশঙ্কা ছিল।
এ ঘটনায় আহতরা হলেন—শিক্ষার্থী সঙ্গীতা (১৫), অন্তরা (১৫), রনি হাসান (১৩), ব্যবসায়ী লক্ষণ (৩৫) এবং শিক্ষক পলাশ (৩২)। তাদের উদ্ধার করে দ্রুত মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল আলম লিমন তাদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে শিক্ষার্থী অন্তরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এর মধ্যে গোডাউনের ১০ লাখ টাকার মালামাল এবং শিক্ষক পলাশের বাসার টিভি, ফ্রিজ, এসি ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন ইনচার্জ মেহেদী হাসান তুহিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, ওই প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স বা ফায়ার সেফটির কোনো ব্যবস্থা ছিল না, যা তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন