ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৪৭ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে নাটকীয় মোড় নিয়েছে রাজনীতির মাঠ। এই আসনে নিজেদের কোনো দলীয় প্রার্থী না থাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পূর্ণ সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটের মাত্র দুদিন আগে এই সমর্থন ঘোষণা সারজিস আলমের ‘শাপলা কলি’ প্রতীকের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দ সারজিস আলমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এরপর সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দলটির জেলা কমিটির এক নেতা সমর্থনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ইসলামী আন্দোলনের নেতারা জানান, পঞ্চগড়-১ আসনে তাদের ‘হাতপাখা’ প্রতীকের কোনো প্রার্থী নেই। তাই জুলাই গণঅভ্যুত্থানে সারজিস আলমের সাহসী ভূমিকা, তার নেতৃত্ব এবং জনবান্ধব রাজনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা দলমতের ঊর্ধ্বে উঠে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘোষণার পর থেকেই পঞ্চগড়ের নির্বাচনী মাঠ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা সারজিস আলমের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন। ইসলামী যুব আন্দোলনের জেলা নেতা মঈন উদ্দিন ফেসবুকে লিখেছেন, “আমাদের প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।
এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি শাহ পরান সুজনও ফেসবুকে সারজিস আলমের বিজয়ের জন্য দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন। চরমোনাই পীরের দলের এই সমর্থন সাধারণ ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে সারজিস আলমের কর্মী-সমর্থকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন