শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

২২ কোটি টাকা ঋণ মওকুফের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:০২ পিএম

২২ কোটি টাকা ঋণ মওকুফের ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন তার বিরুদ্ধে ওঠা ২২ কোটি টাকা ঋণ মওকুফের অভিযোগকে ‘সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট করেছেন, কোনো ব্যাংক মূল ঋণ মওকুফ করে না; বরং নীতিমালা অনুযায়ী কেবল সুদের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন। এর আগে জামায়াত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন এই বিএনপি নেতার বিরুদ্ধে বিপুল পরিমাণ ঋণ মওকুফের অভিযোগ তুলেছিলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফয়সাল বলেন, “জামায়াত প্রার্থী ও তার সহযোগীরা আমার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার করছেন। ঋণ কখনো মওকুফ হয় না। বাংলাদেশ ব্যাংকের পিআরপিডি সার্কুলার নম্বর-৭ (সেপ্টেম্বর ২০২৫) এবং পিআরপি সার্কুলার লেটার নম্বর-২৬ (নভেম্বর ২০২৫) অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো যে নীতি সহায়তা পায়, আমার প্রতিষ্ঠান ‘নিশ্চিন্তপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ বিধি মোতাবেক কেবল সেই সুবিধা গ্রহণ করেছে।”

তিনি আরও যোগ করেন, এটি কোনো বিশেষ রাজনৈতিক সুবিধা নয়, বরং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আওতায় দেশের আরও বহু প্রতিষ্ঠান একই ধরনের ‘এক্সিট সুবিধা’ গ্রহণ করেছে। ব্যাংকের যাবতীয় বিধি-বিধান অনুসরণ করেই সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মির্জা ফয়সাল আমিন অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে এবং তার পরিবারের সম্মান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। জামায়াত প্রার্থীর এমন বক্তব্যে দুঃখ প্রকাশ করে তিনি এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।