রবিউল এহ্সান রিপন
ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:২০ এএম
ছবি-দিনাজপুর টিভি
ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে আমেজ বিরাজ করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার ৩টি পৌরসভা ও ৫৪টি ইউনিয়নের ৪১৭টি কেন্দ্রের ২ হাজার ৩৩৪টি কক্ষে ভোট গ্রহণ চলছে। জেলায় মোট ১২ লাখ ১ হাজার ৪৭৩ জন ভোটার রয়েছেন, যার মধ্যে অর্ধেকের বেশি পুরুষ ভোটার এবং ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এখানে ৫ লাখ ৪ হাজার ৮৩৮ জন ভোটার তাদের রায় দিচ্ছেন। এই আসনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের মো. দেলাওয়ার হোসেন।
এছাড়া ঠাকুরগাঁও-২ আসনে ১০৪টি কেন্দ্রে এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ঠাকুরগাঁও-৩ আসনে সর্বোচ্চ ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সুষ্ঠু ভোট নিশ্চিতে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় ৯ জন জুডিশিয়াল ও ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। মাঠে মোতায়েন রয়েছে ১ হাজার ২৫০ জন পুলিশ, ৩২ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন সেনাবাহিনী এবং ৩ প্লাটুন র্যাব সদস্য। এছাড়া ৬ হাজারের বেশি আনসার সদস্য কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি এবং বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা জানান, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সজাগ রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা আশা করছি, দিনব্যাপী এই উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।"